চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবের হাটে দুই শিশুসন্তানসহ মাকে খুনের ঘটনায় একমাত্র আসামি তারেক চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ এই আসামির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। পুলিশ সূত্র জানায়, গতকাল রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা ভবনে না এনে সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে সুযোগমতো তাঁকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এর আগে গত শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন। পাঁচলাইশ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ও মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, ‘আমরা খতিবের হাটের তিন খুন মামলার একমাত্র আসামি তারেক চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করি। শুনানির পর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণ তিন খুন সম্পর্কে তারেক কিছু লুকানোর চেষ্টা করেছেন কি না তা যাচাই করার প্রয়োজন হয়ে পড়েছে। এ জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে।প্রসঙ্গত, ২৩ অক্টোবর সন্ধ্যায় দুই শিশুসন্তান আলভি ও পায়েলসহ ডলি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খতিবেরহাট এলাকার মা-মণি ভিলা নামের পাঁচতলার বাসায় এই নৃশংস খুনের ঘটনা ঘটে। গৃহশিক্ষক তারেক চৌধুরী গত শুক্রবার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আগের দিন বৃহস্পতিবার তাঁকে ফাঁদে ফেলে গ্রেপ্তার করে পুলিশ।