চট্টগ্রামে দুই শিশুসন্তানসহ মা খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষক মো. তারেকের বয়স ১৯ থেকে ২০ বছর বলে বয়স নির্ধারণী মেডিকেল পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ-সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে পুলিশ। এর আগে তারেকের এসএসসির সনদে জন্মতারিখ লেখা ছিল ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর। সে হিসাবে তাঁর বয়স হওয়ার কথা বর্তমানে ১৬ বছর। তারেকের চেহারা এবং গড়ন দেখে বিষয়টি পুলিশের সন্দেহজনক মনে হওয়ায় বয়স নির্ধারণী মেডিকেল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁর বয়স ১৯ থেকে ২০ বছর বলে চিকিৎসকেরা পুলিশকে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে চাঞ্চল্যকর তিন খুনের মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান বলেন, ‘মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, তাঁর বয়স ১৯ থেকে ২০ বছর। এসএসসির সনদে বয়স লুকানো হয়েছিল। যদি ১৮ বছরের কম হতো, তাহলে তারেকের বিচার হতো কিশোর আদালতে। সে ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে সাজা কম হতো।’এদিকে অভিযুক্ত তারেককে কিশোর না দেখানোর দাবিতে গতকাল নগরে ভুক্তভোগী পরিবারের পক্ষে মানববন্ধন করা হয় বলেও এসআই সোলায়মান জানান। গত ২৩ অক্টোবর চট্টগ্রাম নগরের খতিবের হাট এলাকায় নিজ বাসায় ডলি আক্তার ও তাঁর দুই শিশুসন্তান আলভি ও পায়েল খুন হয়। পরে এ ঘটনায় পুলিশ গৃহশিক্ষক তারেককে গ্রেপ্তার করে। তারেক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।