আসামি তালিকা থেকে মুজাহিদ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামির তালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর ও দাফন-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বিচারক শাহেদ নূর উদ্দিন ওই প্রতিবেদন গ্রহণ করেন। গতকাল এই মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধে ২১ নভেম্বর দিবাগত রাতে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ফৌজদারি অপরাধের মামলায় কোনো আসামি মারা গেলে তাঁর বিরুদ্ধে মামলা চলে না। তাই আদালত মৃত্যু প্রতিবেদন গ্রহণ করে মামলার আসামি থেকে মুজাহিদকে বাদ দেওয়ার আদেশ দেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। গতকাল এই মামলায় আদালতে সাক্ষ্য দেন মিরপুরের আকবর কমপ্লেক্সের সভাপতি মো. মহিবুল্লাহ। তিনি আদালতে বলেন, আকবর কমপ্লেক্সে তাঁর আগে সভাপতি ছিলেন গ্রেনেড হামলা মামলার আসামি মাওলানা আবু তাহের। আদালতে তিনি আবু তাহেরকে শনাক্ত করেন। পরে মহিবুল্লাহকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
গতকাল পর্যন্ত এ দুটি মামলায় ১৯৯ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান৷