প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নিলুফার চৌধুরী বলেছেন, দীর্ঘ ২১ বছর হতে চলল। সালমানের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করা হয়নি। এখন আসামি নিজ থেকেই অপরাধ স্বীকার করেছেন। তাই আর কালক্ষেপণ নয়, এবার বিচার হোক।
গতকাল মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আত্মহত্যা নয়, সালমান শাহকে খুন করা হয়েছে বলে ইউটিউবে ছেড়ে দেওয়া এক ভিডিওতে দাবি করেন রাবেয়া সুলতানা ওরফে রুবি নামে এক নারী। সালমানের সেই সময়কার প্রতিবেশী এবং তাঁর স্ত্রী সামিরার ঘনিষ্ঠ ছিলেন এই বিউটিশিয়ান রাবেয়া। আদালতে সালমানের মায়ের দায়ের করা হত্যার অভিযোগে আসামিদের তালিকায় ৮ নম্বরে ছিল রাবেয়ার নাম।
নিলুফার চৌধুরী বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়। সে অনুযায়ী হত্যার পর থেকেই সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যে কারণে সালমানের মৃত্যুর বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনায় নেওয়া হয়নি। তিনি দাবি করেন, সালমানের মৃত্যুর পর তাঁর বাবাকে দিয়ে একটি অপমৃত্যুর মামলা লিখে নেওয়া হয়।