আসামি ধরতে অভিযান, জামায়াত-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ী গ্রামে শনিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ বহনকারী পিকআপ পুড়িয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা । ছবি: প্রথম আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ী গ্রামে শনিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ বহনকারী পিকআপ পুড়িয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা । ছবি: প্রথম আলো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ২৪ সদস্যসহ কমপক্ষে ৪৫ জন আহত হন। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে উপজেলার চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় করা মামলার আসামিদের ধরতে গেলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ভাড়া করা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তিনটি বাড়িতে অগ্নিসংযোগ ও শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। পুলিশের আহত সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সংঘর্ষ শুরুর আগে গ্রামের মাদ্রাসা ও একটি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে প্রচার চালিয়ে গ্রামবাসীকে একত্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে রামভদ্র খানাবাড়ী গ্রামের দূরত্ব প্রায় আট কিলোমিটার। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের প্রায় ১০০ সদস্য ওই গ্রামে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। রাত পৌনে একটার দিকে তাঁরা গ্রামের শাহাজাহান ওরফে ভুট্টু (৩৮), আল-আমিন (২২) ও মফিজুল হককে (৫৬) গ্রেপ্তার করেন। তাঁরা এজাহারভুক্ত আসামি। তাঁদের থানায় নেওয়ার সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সে সময় গ্রামের মাদ্রাসা ও একটি মসজিদের মাইক থেকে ডাকাত পড়েছে বলে প্রচার করা হয়। এর পরপরই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গ্রামের সহস্রাধিক লোককে একত্র করে গ্রাম থেকে বের হওয়ার সব সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটান। শুরু হয় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ।
সংঘর্ষের একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন ও চারদিক থেকে তাঁদের অবরুদ্ধ করে ফেলেন। আগুন দেন পুলিশের একটি পিকআপ ভ্যানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক ফাঁকা গুলি ছোড়ে। রাত দুইটার দিকে গাইবান্ধা ও রংপুর থেকে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাসদস্য এসে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে নেতা-কর্মীরা পিছু হটলে যৌথ বাহিনী গ্রামটি ঘিরে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। গতকাল সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহুরুল ইসলাম, আবু বক্কর ও হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ এবং আরও শতাধিক ঘরবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দা আবদুস সাত্তার, হাবিবুর রহমান ও আবু বক্কর দাবি করেন, যৌথ বাহিনীর সদস্যরা বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। ভাঙচুরের সময় গ্রামের অনেকেই পালিয়ে যান।
যৌথ বাহিনীর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক। তিনি বলেন, জামায়াত ও শিবিরের কর্মীরা তাঁদের সহকর্মীদের ছিনিয়ে নিতে না পেরে বেপরোয়াভাবে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রাত দুইটার দিকে যৌথ বাহিনী ও সেনাসদস্যরা যান। সহস্রাধিক ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সোলায়মান বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা জামায়াত-শিবিরের কর্মী নন। জামায়াত-শিবিরের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের যে অভিযোগ আনা হয়েছে, তাও সঠিক নয়। যৌথ বাহিনীই গ্রেপ্তারের নামে এই তাণ্ডব চালায়।
সংঘর্ষ ও নাশকতায় জড়িত সন্দেহে গতকাল ভোরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন গ্রামের আশেকুর রহমান (২২) ও দুলা মিয়া (২৫)। মামলার তিন আসামিসহ মোট পাঁচজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালানো হয়। এ সময় চার কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। সহিংসতায় জামায়াত-শিবিরের কর্মীসহ আরও চারজন নিহত হন। এসব ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ৩২টি মামলায় ৬০ হাজার জনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা হয় এক হাজার ১৪৭ জনের।
মামলায় এজাহারভুক্তসহ এ পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগও রয়েছে।