আসামি ধরতে গিয়ে হামলার শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পুলিশের একটি দল আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে বলে জানা গেছে। গত বৃৃহস্পতিবার রাতে উপজেলার কৈয়াছড়া চা-বাগানের ১ নম্বর শেডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত নয়টায় ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু নাছেরের নেতৃত্বে সাদাপোশাকের পুলিশের তিন সদস্য গোপনে খবর পেয়ে ওই চা-বাগানের ১ নম্বর শ্রমিক শেডে আসামি ধরতে তল্লাশি চালান। এ সময় আসামি রয়েছে সন্দেহে পুলিশ বাগানের এক শ্রমিকের ঘরের দরজা ভাঙে। পরে হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয়ে জুতা নিয়ে ঢুকে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা নারী শ্রমিকদের দিকে কয়েকবার টর্চলাইটের আলো ধরে রাখলে শ্রমিক এবং স্থানীয় লোকজন তাদের ওপর চড়াও হন। শ্রমিকেরা বাগানের লাল ঘণ্টা (জরুরি ঘণ্টা) বাজালে শ্রমিক ও এলাকার লোকজন পুলিশ সদস্যদের ধাওয়া করে গণধোলাই দেন। এতে ওই তিন পুলিশ
সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের প্রায় এক ঘণ্টা আটকে রাখেন। রাত পৌনে ১১টার দিকে বাগানের ব্যবস্থাপক এসে শ্রমিকদের শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
বাগানের একজন শ্রমিক অভিযোগ করেন, পুলিশের কোনো পোশাক ছিল না। তারা বিনা অনুমতিতে ঘরে ঢুকে আসবাব তছনছ করে। এ সময় তারা পঞ্চায়েত নেতাকে নাজেহাল করলে সাধারণ লোকজন ও শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এসআই আবু নাছের অভিযোগ অস্বীকার করে বলেন, সাদাপোশাকে আসামি ধরতে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
চা-বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, চা-বাগান সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। কোনো আসামি ধরার আগে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানোর নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। পুলিশ এ ঘটনায় দুঃখ প্রকাশ করায় বিষয়টি সুরাহা করা গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, একজন অভিবাসীকে ধরতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় শ্রমিক এবং পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় অসন্তোষ দেখা দেয়।