আসামি ধরতে গিয়ে অগ্নিদগ্ধ দুই পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি মামলার এক আসামি ধরতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মানিকগঞ্জের শিবালয় থানার দুই পুলিশ কর্মকর্তা। গত বৃহস্পতিবার রাতে কোঠাধারা গ্রামে ওই আসামির ধাক্কায় আগুনের চুলার ওপর পড়ে গিয়ে তাঁরা অগ্নিদগ্ধ হন।অগ্নিদগ্ধ পুলিশ কর্মকর্তারা হলেন শিবালয় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম আল মামুন ও কাজল হোসেন (২৯)।শিবালয় থানা সূত্র জানায়, শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের দুলাল হোসেনের (৪২) বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ২০০৮ সালে ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় শিবালয় থানা পুলিশকে। দুলালের বিরুদ্ধে শিবালয় থানায়ও একটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।বৃহস্পতিবার রাতে তিনজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এএসআই শামীম ও কাজল কোঠাধারা গ্রামে অভিযানে যান। রাত ১০টার দিকে ওই গ্রামে অনুষ্ঠিত মেলার একটি চায়ের দোকানে আসামি দুলাল বসে ছিলেন। এ সময় ধরতে গেলে দুলাল দুই এএসআইকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। এতে এএসআই শামীম ও কাজল দোকানের চা তৈরির চুলার ওপর পড়ে যান। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় দুলালকে গ্রেপ্তার করে পুলিশ।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এএসআই শামীমের পিঠ ও কাজলের বাঁ পায়ের কিছু অংশ অগ্নিদগ্ধ হয়েছে। তাঁদের স্থানীয় উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরেছেন।