আসামি ধরতে গিয়ে জামায়াত-শিবিরের বাধার মুখে পুলিশ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে আসামি ধরতে গিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে পুলিশ। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে কল্যাণপুর গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহার নেতৃত্বে শতাধিক পুলিশ আসামি ধরার জন্য অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন। পুলিশও পাল্টা ব্যবস্থা নিলে একপর্যায়ে তাঁরা পিছু হটতে বাধ্য হন। পরে পুলিশ আরও একজনকে আটক করে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদানের বিষয়ে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।