আসামি ধরতে গিয়ে পারকীতে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ
চট্টগ্রামের আনোয়ারায় পারকী সমুদ্রসৈকত থেকে আসামি ধরাকে কেন্দ্র করে আবারও পুলিশের সঙ্গে সৈকতের ব্যবসায়ীদের মধ্যে গতকাল শুক্রবার বিকেলে সংঘর্ষ হয়েছে। স্থানীয় ব্যক্তিরা এ সময় পুলিশের কাছ থেকে আসামিও কেড়ে নিয়েছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে পুলিশ ও ব্যবসায়ীদের কাছ থেকে।জানা গেছে, গতকাল বিকেলে কর্ণফুলী থানার উপপরিদর্শক কামরুজ্জামানসহ কয়েকজন কর্মকর্তা পারকী সৈকতে গিয়ে সৈকতের ব্যবসায়ী মো. নাছিম, মো. জালাল, মুন্না ও মনছফ আলীকে আটক করেন। এ সময় স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ীরা মিলে পুলিশকে প্রতিরোধ করে তাঁদেরকে ছাড়িয়ে নেন। এ ঘটনার সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের মৃদু সংঘর্ষ হলে পুলিশের দুজন আহতসহ পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। তবে, এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।পারকীর ব্যবসায়ী মো. আলী বলেন, কোনো ধরনের অভিযোগ ছাড়াই কর্ণফুলী থানার পুলিশ সাদা পোশাকে এসে পারকীর ব্যবসীয়দের ধরে নিয়ে টাকা আদায় ও হয়রানি করে। গতকাল এ রকম ঘটনা ঘটার সময় জনতা এগিয়ে এসে ব্যবসায়ীদের ছাড়িয়ে নেয়।তবে পুলিশ বলেছে, পারকীতে আসামি ধরার জন্য গেলে তারা বাধা দেয়। পারকীর দোকানগুলোতে পতিতালয় বানিয়ে ব্যবসাও চালাচ্ছে তারা।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল ইসলাম বলেন, পারকী থেকে আসামি ধরার সময় তারা পুলিশকে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ সময় দুজন পুলিশ আহত হওয়ার পাশাপাশি গাড়ির কাচও ভেঙে যায়। তিনি আরও বলেন, পারকীতে দোকানিরা আলাদা কক্ষ বানিয়ে অসামাজিক কাজ চালায় আর পুলিশ তাতে বাধা দিলেই বিপত্তি।