আসামি ধরতে গিয়ে পুলিশ লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় চাঁদাবাজির মামলার আসামি ধরতে গিয়ে শনিবার জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গতকাল রোববার পুলিশ বাদী হয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছে। চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল মান্নান জানান, শনিবার মামলার আসামি সাতাইশ এলাকার আবদুল মালেককে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। পরে মালেক চিৎকার করলে আশপাশের ১০-১২ জন হামলা চালিয়ে পুলিশের কাছথেকে আসামিকে ছিনিয়ে নেন। এ সময় সহকারী উপপরিদর্শক শামসুল হক আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আসামি ছিনতাইয়ের মামলা করেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দারোগা শামসুল হক পোশাক ছাড়া সাধারণ বেশে এসে মালেককে গ্রেপ্তারের চেষ্টা করেন। এতে লোকজন বাধা দিলে শামসুল হক লাঞ্ছিত হন। পরে তিনি ফোন করলে আরও পুলিশ ঘটনাস্থলে আসে। আশপাশের লোকজন প্রকৃত ঘটনা জানানোর পর আসামিকে গ্রেপ্তার না করে পুলিশ চলে যায়। এম এ হায়দার সরকার নামের এক ব্যক্তি আবদুল মালেকসহ পাঁচজনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেন।