আসামি ধরতে গিয়ে র‌্যাব পুলিশের বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার এ কে খান মোড় এলাকায় অপহরণ মামলার আসামি ধরতে গিয়ে গতকাল বুধবার র‌্যাব ও পুলিশ সদস্যদের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটেছে। তবে অপহূত ছাত্রীকে উদ্ধার করা যায়নি। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রী অপহূত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই নগরের খুলশী থানায় একটি মামলা করেন। সূত্র জানায়, গতকাল দুপুরে অপহরণের কাজে ব্যবহূত মাইক্রোবাস ও এর চালককে আটক করতে এ কে খান এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এর কিছুক্ষণ পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তিনি র‌্যাব সদস্যদের কাছে আটক মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাস হস্তান্তরের দাবি জানান। এ নিয়ে র‌্যাব সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘মামলার পর থেকে অপহূত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে আমরা কাজ শুরু করি। মাইক্রোবাস ও চালককে আমাদের হাতে হস্তান্তর করতে বললে র‌্যাবের সদস্যরা অস্বীকৃতি জানান। এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়, তবে কোনো ঝগড়া হয়নি। র‌্যাবের সদস্যরা মাইক্রোবাস ও চালককে জোর করে নিয়ে গেছেন।’ র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, ‘র‌্যাবের সদস্যরা গাড়ি ও চালককে ধরার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। অপহরণের ঘটনায় আমরা তদন্ত করছি। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহূতের পরিবারের পক্ষ থেকে র‌্যাবের কাছেও অভিযোগ করা হয়েছে।’ কথা-কাটাকাটি প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ার লতিফ খান বলেন, ‘তেমন কিছুই হয়নি। পুলিশ আটক গাড়িচালককে নিতে চেয়েছিল। অন্য আসামিদের গ্রেপ্তার ও অপহূতকে উদ্ধার করতে পারলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’