আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই নিখোঁজ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রেপ্তার করা আসামিকে ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত পুলিশের ট্রলারে হামলা চালিয়েছে। এতে দুই উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হন। এ সময় মেঘনা নদীতে নিখোঁজ হন আরেক এসআই। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দুইটার দিকে কদমীরচর এলাকায় আসামি ধরতে একদল পুলিশ অভিযান চালায়। ওই দলে ২৫ জন সদস্য ছিলেন। আড়াইহাজার থানার এসআই মোহাম্মদ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, কদমীরচর থেকে ওই গ্রামের বাসিন্দা আলম ও তাঁর ভাই আহসানউল্লাহ এবং অপর দুই বাসিন্দা ফিরোজ ও শফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে আলম ও আহসানউল্লাহ একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি বলেন, আসামিদের নিয়ে ট্রলারযোগে পুলিশ থানার উদ্দেশে রওনা হয়। তাদের ছিনিয়ে নিতে আরেকটি ট্রলারে করে ৪০-৪৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ট্রলারের গতিরোধ করে। আশরাফুজ্জামান বলেন, দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, টেঁটা, বল্লম, জুইত্যা ইত্যাদি ছুড়তে থাকে। ইটপাটকেলের আঘাতে আহত হন এসআই রফিকুল ইসলাম ও আহসানসহ চারজন পুলিশ সদস্য। পুলিশ এ সময় শটগান ও পিস্তল থেকে ১৪টি গুলি ছোড়ে। এতে ভয় পেয়ে দুর্বৃত্তরা আসামিদের ছিনিয়ে নিতে না পেরে ট্রলার নিয়ে পালিয়ে যায়।আশরাফুজ্জামান আরও বলেন, পুলিশের ট্রলার খাগকান্দাঘাটে পৌঁছালে তাঁরা বুঝতে পারেন তাঁদের মধ্য থেকে এসআই নাসির সিরাজী নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, অন্ধকারে ইটপাটকেলের আঘাতে নাসির নদীতে পড়ে যান এবং প্রচণ্ড স্রোত থাকায় তিনি আর ট্রলারে উঠতে পারেননি বলে তাঁরা ধারণা করছেন। নিখোঁজ নাসির সিরাজীর সন্ধানে ওই রাতেই তাঁরা ট্রলার নিয়ে নদীতে যান। ভোররাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তাঁরা তল্লাশি চালান। পরে বিকেলে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নাসির সিরাজীর সন্ধানে অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান ও সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) জিয়াউল হাসান তালুকদার গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে নিখোঁজ নাসির সিরাজীর স্ত্রী কোহিনূর সিরাজী, ছোট ছেলে ফয়সাল সিরাজী ও মেয়ে নাহিদা সুলতানাও ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, নিখোঁজ এসআইকে উদ্ধারের জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন। আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।