আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন পুলিশের এক সদস্য। এ সময় তাঁর সঙ্গে থাকা স্থানীয় এক ব্যক্তিও আহত হন। মৌলভীবাজার সদর উপজেলার ইমামবাজারে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন ওবায়দুল হক ও সিরাজ মিয়া। তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বেলা ১১টার দিকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল আসামি ধরতে গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে যায়। এ সময় ওই বাজারে বসে ছিলেন আসামি সুরুজ মিয়া। পুলিশ দেখে তিনি দৌড় দিলে পুলিশ তাঁকে ধাওয়া করে। সুরুজ মিয়াকে ধাওয়া করতে দেখে তাঁর পক্ষের লোকজন উল্টো পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে থাকা গ্রামের এক বাসিন্দাও হামলার শিকার হন। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে মোহাম্মদপুর এলাকায় গাছ ফেলে গাড়ি আটকানোর অভিযোগে শাহ কাদেরিয়া লতিফিয়া মৎস্য খামারের গাড়িচালক দিলু মিয়া ১১ মে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় এর আগে কালিয়ারগাঁও গ্রামের আনসার মিয়া নামের একজনকে পুলিশ গ্রেফতার করে। অন্য আসামিদের ধরতে পুলিশ সাদা পোশাকে গতকাল শনিবার ইমামবাজারে গিয়েছিল। গ্রামের বাসিন্দরা জানান, শাহ কাদেরিয়া লতিফিয়া নামে এলাকায় একটি মাছের খামার গড়ে উঠেছে। এ খামারের ট্রাকে পরিবহন করা মাছের খাবারের দুর্গন্ধে এলাকার পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। ওই প্রতিষ্ঠানের ট্রাকের কারণে গ্রামের রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে খামারের কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়। এলাকাবাসী অভিযোগ করেছে, খামারের কর্তৃপক্ষ বিষয়টির সমাধান না করে এলাকার কালিয়ারগাঁও, মোহাম্মদপুর ও রনবীম গ্রামের লোকজনকে হয়রানি করতে ডাকাতির মামলা করে। জানতে চাইলে শাহ কাদেরিয়া লতিফিয়া মৎস্য খামারের মালিক সৈয়দ আবদুল মুকিত শনিবার প্রথম আলোকে বলেন, ‘তিন/চার টনের বেশি ওজনের কোনো ট্রাক গ্রামের রাস্তায় ঢুকানো হয় না। এ ছাড়া ফিশারি চালাতে হলে মোরগের বিষ্ঠা নিয়ে আসতে হবে। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি। কেউ শোনে না।’ মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল শনিবার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুজন আহত হয়েছেন।