আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাতেম-হাসিল গ্রামে নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশ হামলার স্বীকার হয়েছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, কনস্টেবল শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম এবং মামলার সাক্ষী জহুরুল ইসলাম। তাঁদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এসআই সেলিম রেজা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানার পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সদর থানায় দায়ের করা নারী নির্যাতন মামলার আসামি উপজেলার হাসলি গ্রামের ইমান আলীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দুজন কনস্টেবলসহ এসআই সেলিম রেজা পাশের হাতেম-হাসিল গ্রামের একটি বিয়েবাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যান। এ সময় আসামির ক্ষুব্ধ স্বজনেরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালান। পরে তাঁরা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এ বিষয়ে ইমান আলীর স্বজনেরা অভিযোগ করেন, আসামিকে পালাতে সহায়তা করার অভিযোগ তুলে পুলিশ বিয়েবাড়ির এক নারীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে। এ ঘটনায় গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামির স্বজন ও গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের পোশাক ছিঁড়ে ফেলেছেন। তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।