আসামি ধরতে মাঠে গোয়েন্দা পুলিশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র হিমাদ্রী মজুমদারের হত্যাকারীদের গ্রেপ্তার করতে নিয়মিত পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে নেমেছে। অন্যদিকে, হত্যাকাণ্ডে ব্যবহূত যে তিনটি কুকুরকে গত শনিবার চিড়িয়াখানার হেফাজতে পাঠানো হয়েছিল তার একটি গতকাল মারা গেছে। হত্যাকাণ্ড তদন্তের ক্ষেত্রে কুকুরগুলোকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে মনে করা হচ্ছে।মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জহির বলেন, ‘আমাদের পাশাপাশি আজ (গতকাল রোববার) থেকে গোয়েন্দা পুলিশও কাজ করছে। আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।’ আদালত ২৪ ঘণ্টার মধ্যে হিমাদ্রী হত্যা মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিলেও গতকাল পর্যন্ত তা দেওয়া হয়নি। তবে তদন্তকাজ শেষ পর্যায়ে বলে জানা গেছে। আজ তা জমা দেওয়া হবে বলে তদন্ত কর্মকর্তা কাজী জহির জানান। গত বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিমাদ্রী। তার আগে ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের ছাদ থেকে তাঁকে বিদেশি কুকুর লেলিয়ে দেওয়ার পর ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মঞ্জুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘একটি কুকুর মারা গেছে। কুকুরটি কী কারণে মারা গেছে, তা জানতে কুকুরটির দেহের ময়নাতদন্ত করা হবে।’ পুলিশ বলেছে, এ মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মূল আসামি জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ লন্ডনে পালালেও এজাহারভুক্ত অন্য চার আসামি গা ঢাকা দিয়েছেন বলে পুলিশের অভিমত। এদিকে হিমাদ্রীর পরিবারে এখনো কান্নার রোল থামেনি। বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে ছোট ভাই নিলাদ্রী চুপচাপ হয়ে গেছে। মা গোপা মজুমদার ক্ষণে ক্ষণে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘আমার ছেলে নেই, এখনো আমি বিশ্বাস করতে পারছি না। তাঁর পড়ার টেবিল, বিছানা সব আগের মতোই আছে। মনে হচ্ছে, সে কোথাও গেছে। এখনই ফিরে আসবে।’