আসামি ধরতে সংবাদ সম্মেলনে অভিযান
হত্যা মামলার আসামি ধরতে পুলিশ অভিযান চালায় সংবাদ সম্মেলনে। পুলিশের উপস্থিতি জানতে পেরে আসামিরা সটকে পড়েন। অবশেষে সংবাদ সম্মেলনের ব্যানার খুলে নিয়ে যায় পুলিশ। গতকাল সোমবার রংপুর নগরের ৫ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
খটখটিয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমানের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে গতকাল বেলা ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় রাঙাপ্রভাত যুবসংঘে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কাউন্সিলর ওই খটখটিয়া এলাকার সোহরাব হোসেন (৪৮) হত্যা মামলার বাদী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এই সংবাদ সম্মেলনে সোহরাব হত্যা মামলার আসামিরা উপস্থিত আছেন। শেষ পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সংবাদ সম্মেলন তড়িঘড়ি করে শেষ করা হয়। এ সময় পুলিশ ব্যানার খুলে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান সংবাদ সম্মেলনের ব্যানার নিয়ে আসার সত্যতা স্বীকার করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জাতে পারি ওই সংবাদ সম্মেলনে সোহরাব হত্যা মামলার আসামিরা উপস্থিত আছে। কিন্তু পুলিশের উপস্থিতি জানতে পেরে আসামিরা সটকে পড়ে।’