আসামি ধরা নিয়ে 'দুদক পুলিশ' খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতের সবচেয়ে বড় ও আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির পলাতক ১১ আসামির কোনো খোঁজ নেই। এমনকি তাঁদের গ্রেপ্তারের বিষয়ে নির্দেশনাও পায়নি বলে দাবি করছে অধিকাংশ থানা। যদিও গত ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ এখন বলছে এটি দুদকের বিষয়, তাদের সঙ্গে কথা বলুন। অন্যদিকে দুদক কর্তৃপক্ষ বলছে, অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে, আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে। এখন পুলিশ দেখবে।
আর এভাবেই দীর্ঘসূত্রতার কবলে পড়েছে হল-মার্ক কেলেঙ্কারির মামলা। ২২ জানুয়ারি এই মামলায় সোনালী ব্যাংক ও হল-মার্ক গ্রুপের অভিযোগপত্রভুক্ত পলাতক ১৭ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা ছিল। কিন্তু তা করেনি পুলিশ। পরে এ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় এই কেলেঙ্কারি উদ্ঘাটনে এমনিতেই অনেক সময় চলে গেছে। দুদক আদালতে অভিযোগপত্রও দাখিল করেছে। এই মুহূর্তে আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা আর্থিক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। এ ক্ষেত্রে আদালতের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অন্যথায় আর্থিক খাতে অনিয়ম করার বিষয়ে অসাধু ব্যক্তিদের একধরনের উৎসাহিতই করা হবে।
পলাতক আসামিদের বিষয়ে দুদক ও পুলিশ সূত্র বলছে, আসামিদের সবাই তাঁদের বর্তমান ঠিকানা পরিবর্তন করেছেন। কেউই স্থায়ী ঠিকানাও ব্যবহার করেননি বহুদিন। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীকে তাগাদা দেওয়া হয়েছে উল্লেখ করে দুদক কমিশনার (তদন্ত) মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশ আন্তরিক হলেই এঁদের এত দিনে গ্রেপ্তার করা সম্ভব হতো।
আবার পলাতক আসামিদের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, পুরো বিষয়টি দুদকের আওতাধীন। এটি নিয়ে দুদকের সঙ্গেই যোগাযোগ করুন।
গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের দায়ের করা ১১ মামলায় ২৭ জনকে আসামি করা হয়েছিল। সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে আত্মসাৎ করা এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়। আর বাকি এক হাজার ৯৪১ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৮০২ টাকা আত্মসাতের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে হল-মার্ক গ্রুপ বাদে এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত অন্য পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭২ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৯২৫ টাকা আত্মসাতের জন্য আরও ২৮টি মামলা করা হয়েছে। এর তদন্তের প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলে দুদক সূত্র জানায়।
মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন কবিরের ঢাকার ঠিকানা মহাখালী ডিওএইচএসে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের দাবি, আদালতের কোনো নির্দেশনা তাঁরা পাননি। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থানার ওসি মঞ্জুর কাদের জানান, হুমায়ুন কবিরকে খুঁজে না পেয়ে তিনি ইতিমধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন।
সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হকের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। রাজৈর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক এবং রাজধানীর ধানমন্ডি থানার ওসি আবু সালেহ মাসুদ করিম—দুজনেই জানান, তাঁরা এ-সংক্রান্ত আদালতের কোনো নির্দেশনা পাননি।
ব্যাংকের ধানমন্ডি শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরীর বাড়ি গোপালগঞ্জে। তাঁর বাড়ি-সংশ্লিষ্ট কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলামও গ্রেপ্তার বা সম্পদ ক্রোক-সংক্রান্ত আদালতের কোনো নির্দেশনা পাননি বলে জানান। আর ঢাকায় ঠিকানা কড়াইল-সংশ্লিষ্ট বনানী থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, গ্রেপ্তার-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার আগেই মেহেরুন্নেসা বাসা বদল করেছেন। এখনো তাঁকে খোঁজা হচ্ছে। আদালতে প্রতিবেদন-সংক্রান্ত প্রসঙ্গে তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের বিষয়ে নির্দেশনা পেয়েছেন, প্রতিবেদন সম্পর্কে কিছু জানেন না।
সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসানের রাজশাহীর গ্রামের ঠিকানা সংশ্লিষ্ট বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জানান, আদালতের কোনো কাগজ তাঁরা পাননি। আর তাঁর রাজধানীর ঠিকানা গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাইফুলকে গ্রেপ্তার-সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছেন। কিন্তু সাইফুল ও তাঁর পরিবার অনেক দিন ধরেই এ এলাকায় নেই।
জিএম অফিসের নির্বাহী কর্মকর্তা আবদুল মতিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাক্ষ্মণবাড়িয়ার ওসি আবদুর রব জানান, গত দুই মাসে নির্বাচন-সংক্রান্ত কাজে এ ধরনের কোনো নির্দেশনা থানায় এসেছে কি না, তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি। ঢাকার ঠিকানা মিরপুরের কাফরুল থানার ওসি আতাউর রহমান জানান, এ-সংক্রান্ত কোনো নির্দেশনা পাননি তাঁরা।
সাবেক জিএম ননী গোপাল নাথের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই। সদর থানার ওসি এম এ কে ইমতিয়াজ ভূঁইয়া ও রাজধানীর টিকাটুলির ঠিকানার ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহাও জানান, তাঁরা গ্রেপ্তারের জন্য কোনো নির্দেশনা পাননি।
১১ মামলার আসামিদের মধ্যে এ পর্যন্ত হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহাব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম এখন জামিনে আছেন।
আর এভাবেই হল-মার্ক কেলেঙ্কারির আসামি ধরা নিয়ে নিয়ে চলছে ‘দুদক আর পুলিশের খেলা। সামগ্রিক বিষয়টি নিয়ে পুলিশের সাবেক আইজি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান গতকাল প্রথম আলোকে বলেন, এটি তো খুবই সহজ রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়া। আদালত সমন জারি করলে থানায় ওয়ারেন্ট না যাওয়ার কারণ নেই। আসলে প্রয়োজন সমন্বয়ের।