আসামি ধরার নামে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দিন বলেন, ‘পুলিশের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের নেতারা লোকজনের কাছ থেকে টাকাপয়সা আদায় করছেন। এসব অনৈতিক লেনদেনের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আর ঘটনায় জড়িত নয়, এমন নিরীহ লোকজন বা স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোনো পুলিশসদস্য হয়রানি-নির্যাতন করে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ মার্চে নন্দীগ্রাম উপজেলায় সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়। এর মধ্যে উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর ও গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলায় উপজেলার ভাটগ্রামের জাকারিয়া (২৮) নামে একজনকে আসামি করা হয়। মামলায় বাবার নাম অজ্ঞাত উল্লেখ করা হয়।

এলাকাবাসী জানান, বাবার নাম অজ্ঞাত উল্লেখ থাকার সুযোগে পুলিশ ভাটগ্রামের আক্কাস আলীর ছেলে ও নন্দীগ্রাম ন্যাশনাল কেজি একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র মো. জাকারিয়াকে গ্রেপ্তারের জন্য কয়েক দফা বাড়িতে অভিযান চালায়। পুলিশের ভয়ে প্রায় এক মাস বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে ছেলেটি।

আক্কাস আলী অভিযোগ করেন, তাঁর ছেলে জাকারিয়া পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে এবং তার রোল নম্বর ১। লেখাপড়া ছাড়া সে কিছুই বোঝে না। অথচ তাকে ধরার জন্য পুলিশ বারবার বাড়িতে আসছে। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং থানার ওসিকে জানিয়েও সুরাহা হয়নি। উল্টো আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বাড়ি এসে পুলিশের হয়ে ২০ হাজার টাকা দাবি করেছেন। জাকারিয়া বলে, পুলিশের আতঙ্কে গায়ে জ্বর আসছে। রাতে ঘুম হচ্ছে না। এক মাস ধরে সে স্কুলে যেতে পারছে না। এখানে-সেখানে পালিয়ে থাকতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জাকারিয়ার বাড়িও একই গ্রামে এবং সে স্থানীয় দামগাড়া মাদ্রাসার ছাত্র। স্থানীয় বাসিন্দারা জানান, ৩ মার্চের সহিংসতায় ছাত্রশিবিরের নেতা জাকারিয়া অংশ নিলেও পুলিশ তাকে না ধরে স্কুলছাত্র জাকারিয়াকে হয়রানি করছে।

একই মামলায় ভাটগ্রামের সোহেল রানা নামে একজনকে আসামি করা হয়েছে। বাবার নামের জায়গায় ‘অজ্ঞাত’ উল্লেখ করা হয়েছে। এ সুযোগে পুলিশ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র ভাটগ্রামের আবদুল খালেকের ছেলে সোহেল আহমেঞ্চদকে গ্রেপ্তারের জন্য বাড়িতে হানা দিচ্ছে। আবদুল খালেক জানান, তিনি গরিব মানুষ। সারা বছর ধান-চালের আড়তদারি করেন। পড়ালেখার পাশাপাশি সোহেল ব্যবসার কাজে তাঁকে সাহায্য করে। ৩ মার্চের সহিংসতার সময় সোহেল এক ট্রাক আলু বিক্রির জন্য নাটোরে গিয়েছিল। অথচ পুলিশ সোহেলকে ধরার জন্য বারবার বাড়ি আসছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাটগ্রামে আরও দুজন সোহেল রয়েছে। এর মধ্যে নবীন হোসেনের ছেলে সোহেল এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর নূর হোসেনের ছেলে সোহেল (২৭) সংসার করে। এলাকাবাসী জানান, সহিংসতার একটি মামলার আসামি সিমলা গ্রামের মোফাজ্জল হোসেন। পুলিশ তাঁকে ধরতে কয়েক দিন আগে বাড়িতে অভিযান চালায়। না পেয়ে মোফাজ্জলের ছেলে এনামুল হককে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ অভিযোগ করেন, ‘সহিংসতার মামলায় মোফাজ্জল আসামি হলেও তাঁর ছেলে এনামুল হক খুবই নিরীহ গোছের। বাবাকে না পেয়ে পুলিশ নির্দোষ ছেলেকে গ্রেপ্তারের পর জনপ্রতিনিধি হিসেবে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে সুপারিশ করেছিলাম। পুলিশ তাকে তো ছাড়েইনি, উল্টো আমাকে না জানিয়ে আমার বাড়িঘরে হামলার মামলায় ওই ছেলেকে গ্রেপ্তার দেখিয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে তাদের ধরছে না।

জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, ‘সহিংসতার মামলায় আসামি ধরার নামে নানা অভিযোগ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় নন্দীগ্রাম থানার ওসির বিরুদ্ধে তদন্ত চলছে। ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সহিংসতার মামলায় আসামিদের পক্ষ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের তদবিরে পুলিশও ত্যক্ত-বিরক্ত। তবে আসামি ধরার নামে স্কুল-কলেজের নিরীহ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হবে।’