সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আসামির সংখ্যা আরও নয়জন বাড়িয়ে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চাঞ্চল্যকর মামলা তদন্ত দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত তদারকি সেল। এ মামলায় আসামি করা হবে মোট ২৮ জনকে। এ ছাড়া এ মামলায় একজন পুলিশ সুপার (এসপি) অবহেলা করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদারকি সেলের পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা জানান। বৈঠকে মোট ১৫টি নতুন মামলাসহ ২৫টি মামলার পর্যালোচনা করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তদারকি সেলে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সাগর-রুনির হত্যা মামলা ও শ্রমিকনেতা আমিনুল হত্যা মামলা নিয়েও আলোচনা হয়েছে।
সাগর-রুনি হত্যা মামলার কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, মামলায় কিছু অগ্রগতি আছে। তবে এখন বলা যাবে না। তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে এ মামলার তদন্ত কাজ সম্পন্ন করা হবে। নির্দোষ কাউকে আসামি করা হবে না। এ ছাড়া আমিনুলের ব্যাপারে একজন সন্দেহভাজনের অবস্থান ধারণা করা গেছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তদারকি সেলের পর্যবেক্ষণে সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের ল্যাব থেকে এখন পর্যন্ত বৈজ্ঞানিক তথ্য প্রমাণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষার প্রতিবেদনসহ বিস্তারিত অপরাধচিত্রের প্রতিবেদন পাওয়ার জন্য যোগাযোগ অব্যাহত আছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। অন্যদিকে আমিনুল ইসলাম হত্যা মামলার তদন্তের বিষয়ে উল্লেখযোগ্য তেমন কোন অগ্রগতি নেই বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।
শুধু এই দুই আলোচিত হত্যা মামলা নয়, সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেনের বাসায় গৃহপরিচারিকা বিলকিছ বেগম হত্যা মামলা, মুসা বিন সিরাজ হত্যা মামলা, ফতুল্লায় রাজিবুল ইসলাম রাজু হত্যা মামলা, দাউদকান্দিতে অগ্রণী ব্যাংক থেকে টাকা চুরির মামলা, বানিয়াচর গির্জায় বোমা হামলার মামলাসহ অনেক গুরুতর মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। এসব মামলার আসামিদের খুঁজে পাওয়া যায়নি। আবার অনেকগুলো হত্যাকাণ্ডের কারণই খুঁজে বের করতে পারেনি তদন্ত কর্মকর্তারা।