আসামি নির্যাতন, তিন পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মানব পাচার আইনের একটি মামলায় গ্রেপ্তার আসামিকে বৈদ্যুতিক শক দিয়ে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নির্যাতনের শিকার মো. মুছা ওরফে মাসুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়। 

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এ নির্দেশ দেন।

আসামির আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের পতেঙ্গা থানার একটি মানব পাচার আইনের মামলায় পতেঙ্গার আবদুস সালামের ছেলে মো. মুছাকে ৫ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। তিন দিন পর ৮ নভেম্বর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক আসামি মুছাকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

আইনজীবী আরও বলেন, আজ আদালতে হাজির করা হলে আসামি মুছা আদালতকে জানান, গ্রেপ্তারের পর পতেঙ্গা থানার এসআই মাজাহারুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরনবী ও পার্থ রায় চৌধুরী ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেন। তাঁর হাতে ও গলায় থাকা আঘাতের চিহ্নও দেখান আদালতকে। পরে আদালত পতেঙ্গা থানার তিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন। একই সঙ্গে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে মুছার স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন জমা দিতে বলেন। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ তদন্তের নির্দেশ দেন।

এ ব্যাপারে আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে পতেঙ্গা থানার এসআই মাজহারুল হক ফোন ধরেননি। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, পুলিশ আসামি মুছাকে নির্যাতন করেনি। গ্রেপ্তারের আগে পালিয়ে যাওয়ার সময় নালায় পড়ে আহত হন। তাঁর সঙ্গে দুই পুলিশ সদস্যও আহত হন।

গত ৮ মে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার এসআই এ টি এম শহীদুল ইসলাম বাদী হয়ে পতেঙ্গা থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন। এ মামলার গ্রেপ্তার আসামি মহিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে পুলিশ মুছার তথ্য পায়। পরে তাঁকে গ্রেপ্তার করে। এজাহারে তাঁর নাম ছিল না।