চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
গত শুক্রবার নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই র্যা ব তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডের আবেদন করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, নুর মোহাম্মদকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে র্যা বকে নির্দেশ দেন আদালত। আসামির আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
আসামির আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল শুনানিতে আদালতকে জানান, খান জাহান আলী লিমিটেডের নামে সূর্যমুখী তেল আমদানির জন্য কোনো এলসি (ঋণপত্র) খোলা হয়নি। শুধু প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে কেউ আমদানি করায় মালিককে জড়ানো অযৌক্তিক। এই মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) নুর মোহাম্মদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে মামলাটি থেকে অব্যাহতি দেন। বলপ্রয়োগের মাধ্যমে যদি তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়, তাহলে তা আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা হবে।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এই চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে গত বছরের ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২৭ জুন নুর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ১৯ নভেম্বর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যা বকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।