স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেন ও সিলেটে শিশু রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে দেশে ফেরত আনা এখন সময়ের ব্যাপার। গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
মন্ত্রী গতকাল উপজেলার সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মাসুদ দুলাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আসামি নূর হোসেনকে ভারত থেকে এবং কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনার ব্যাপারে সব ধরনের আইনগত জটিলতা শেষ হয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি আরেক কাউন্সিলর নূর হোসেন বর্তমানে ভারতের কারাগারে রয়েছেন।
আর গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে শিশু শেখ মোহাম্মদ সামিউল আলম ওরফে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।