একটি ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামির নাম নজরুল ইসলাম (৩৫)। বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলছিয়া গ্রামে। কিন্তু তাঁর জায়গায় ১০ দিন ধরে কারাভোগ করছেন একই ইউনিয়নের চরনলছিয়া গ্রামের রিকশাচালক মোজাফফর মিয়া (৫০)।
মূল আসামি নজরুলের স্বজনদের প্রতারণার শিকার হয়ে ফেঁসে গেছেন সহজ-সরল মোজাফফর। মামলার বাদীপক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক মূল আসামিকে গ্রেপ্তারের জন্য গত সোমবার আদালতে আবেদন জানিয়েছেন। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত আদালত পরবর্তী কোনো নির্দেশ দেননি।
আইনজীবী আবু বকর বলেন, নজরুলের বড় ভাই মজনু মিয়া ১০ এপ্রিল মোজাফফরকে আসামি নজরুল সাজিয়ে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করিয়ে জামিনের আবেদন জানান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে মোজাফফরকে কারাগারে পাঠান। এ পরিস্থিতিতে ঘটনা যাতে ভিন্নখাতে প্রবাহিত না হয়, সেজন্য মূল আসামিকে গ্রেপ্তারে আদালতে আবেদন জানানো হয়েছে।
গত রোববার দুপুরে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলা কারাগারে মোজাফফর রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালাই। ছেলের পরীক্ষা। তাই ১ এপ্রিল বাড়িতে আসি। সেদিন (১০ এপ্রিল) নজরুলের বড় ভাই মজনু মিয়া আমাকে বলে, তোমার নামে মামলা হয়েছে। তোমাকে গাইবান্ধায় আদালতে যেতে হবে। পরে আমাকে জোর করে আদালতে নিয়ে যান। তিনি আমাকে শিখিয়ে দেন, মামলায় তোমার নাম নজরুল। বাবার নাম মইচ উদ্দিন লেখা আছে। তারপর আমাকে কারাগারে পাঠানো হয়।’ তিনি আরও বলেন, ‘আমার নামে কোনো মামলা নাই।’
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সাঘাটা উপজেলার আট বছরের একটি মেয়েশিশুকে নজরুল ইসলাম ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির মা নজরুলকে একমাত্র আসামি করে ২০১৬ সালে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। তদন্ত শেষে গত ২৯ মার্চ আদালত নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারপর থেকে নজরুল পলাতক।
মামলার বাদী বলেন, ‘আমি নজরুলকে একমাত্র আসামি করি। অথচ মজনু মিয়া মামলা থেকে ভাইকে বাঁচানোর জন্য মোজাফফরকে ফাঁসিয়েছে।’
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম বলেন, আইনজীবীদের পক্ষে সব আসামি চিনে রাখা সম্ভব হয় না। মূল আসামির জায়গায় অন্য কেউ ফেঁসে থাকলে বাদীর মাধ্যমে মূল আসামি চিহ্নিত করতে হবে। আসামি চিহ্নিত হলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে।
এদিকে নজরুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে নজরুলের বড় ভাই মজনু মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার ভাই পলাতক ছিল। পরে গাইবান্ধার এক মহুরির কথামতো মোজাফফরকে গাইবান্ধা নিয়ে যাই। তাঁকে বলি, আমার ভাই নেই। তুই আদালতে উঠবি আর নামবি। কিন্তু জামিন যে নামঞ্জুর হবে, তা আমরা ভাবিনি।’
গত রোববার বিকেলে চরনলছিয়া গ্রামে গিয়ে কথা হয় মোজাফফরের স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামী ঢাকায় রিকশা চালায়। ছেলের পরীক্ষার জন্য বাড়িতে এলে মজনু মিয়া ফুসলিয়ে তাকে আদালতে নিয়ে গেলে এ ঘটনা ঘটে।’ এ সময় মোজাফফরের বৃদ্ধ মা মজিদা বেওয়া বলেন, ‘তোমরা হামার ছোলোক আনি দ্যাও।’ মোজাফফরের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, সেখানে নাম: মোজাফফর রহমান ও বাবা: মৃত ছিদ্দিক বেপারী লেখা।
মোজাফফরের তিন ছেলে। বড় ছেলে সেলিম মিয়া চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। দ্বিতীয় ছেলে সৈকত আহম্মেদ নবম এবং ছোট ছেলে শাহাদত প্রথম শ্রেণিতে পড়ে।