আসামি পলায়নের ঘটনায় দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশের কাছ থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বেগমগঞ্জ থানার দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন মো. নাজিম উদ্দিন ও মোহামঞ্চদ গিয়াস উদ্দিন। গত মঙ্গলবার বিকেলে আসামি পালিয়ে যাওয়ার পর রাতে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান ওই দুই কনস্টেবলকে বরখাস্তের আদেশ দেন। জানতে চাইলে সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি পুলিশ সুপার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলুর রহমান ও মো. ফারুক বেগমগঞ্জ থানার দুটি চুরির মামলার আসামি। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিতে মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালত থেকে দুই কনস্টেবল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁদের বহনকারী গাড়িটি হাসপাতালের সামনে পৌঁছামাত্র আসামি খলিল ও ফারুক হাতকড়া খুলে দৌড় দেন। এ সময় কর্তব্যরত দুই কনস্টেবল ও স্থানীয়রা ধাওয়া করে খলিলকে ধরতে সক্ষম হলেও ফারুক পালিয়ে যান।