আসামি পালিয়ে যাওয়ায় তিন পুলিশ সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কর্তব্য অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এবং দুই কনস্টেবল আজাদুর রহমান ও হাসেম আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বগুড়ার জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।

গতকাল মঙ্গলবার আদালতে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় আনিছুর রহমান (৪২) নামের এক আসামি পালিয়ে যান। স্থানীয় মসজিদের ইমাম মতিউর রহমান হত্যা মামলার আসামি তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মতিউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দুই কনস্টেবলের মাধ্যমে আদালতে পাঠানো হচ্ছিল। পথে আনিছুর রহমান হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সকালে তাঁদের বগুড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ১০টার দিকে কাজী মতিউর রহমান বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজের ইমামতি শেষে নিজ বাড়ি বলারবাড়ি গ্রামে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মতিউর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গত সোমবার সকালে আনিছুরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে আনিছুরকে আদালতে নিয়ে যাচ্ছিলেন দুই কনস্টেবল। একপর্যায়ে বগুড়ার শাহজাহানপুর উপজেলার লিচুতলা এলাকা থেকে পালিয়ে যান আনিছুর।