আসামি পুলিশ কর্মকর্তার স্ত্রী তাই গ্রেপ্তারও হন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের দুটি গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন পুলিশের পরিদর্শক কামরুল আলম মোল্লার দ্বিতীয় স্ত্রী মুনমুন শেখ। বিভিন্ন অনুষ্ঠানে কামরুলের সঙ্গে মুনমুনের অংশগ্রহণের ছবি নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদপত্রে ছাপা হলেও নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ আসামি মুনমুনকে খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে।পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুনমুনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৮০/১০৯ ধারায় (প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জের বৈদেশিক বাণিজ্য শাখার অর্থ চুরি করে আত্মসাতের অভিযোগ) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের আমলি আদালত (ক) অঞ্চল ২০১২ সালের আগস্টে কিল্লারপুলের মেসার্স মুন ড্রিমের ব্যবস্থাপনা পরিচালক মুনমুনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেন।এর আগে একই বছরের জুলাই মাসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট আদালত বিদ্যুৎ আইনের ৩৯(ক)/৪৭ ধারায় মুনমুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুটি গ্রেপ্তারি পরোয়ানাই নারায়ণগঞ্জ সদর মডেল থানাকে কার্যকরের নির্দেশ দেন আদালত।গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামি মুনমুন তাঁর স্বামী সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লার সঙ্গে প্রকাশ্যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তিনি স্বামীর সঙ্গে গত ২৮ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ট্রাক টার্মিনালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মুনমুনকে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও দেখা যায়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছার পর এ পর্যন্ত আসামি মুনমুনকে খুঁজে পাওয়া যায়নি।নানা অনিয়মের অভিযোগে পুলিশ কর্মকর্তা কামরুলকে গত ১৫ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে তাঁকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়।