আসামি প্রকাশ্যে ঘুরলেও খুঁজে পাচ্ছে না পুলিশ
বগুড়ার সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীসহ নয়জনকে দেড় মাসেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ বলছে, আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। কিন্তু বগুড়ায় সম্প্রতি ১৪ দলের জনসভার মঞ্চে কেন্দ্রীয় নেতাদের পাশে মামলার প্রধান আসামি আলমগীর শাহীকে দেখা গেছে। বগুড়া শহরে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও জানা গেছে।গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা সদরের পাবলিক লাইব্রেরি মাঠে পৌর ছাত্র-লীগের সভাপতি বিজয় রহমানকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। দলীয় কোন্দলের জের ধরে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নানের ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীর নেতৃত্বে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজয় রহমানের বাবা নুরুল ইসলাম ১১ জনের বিরুদ্ধে মামলা করেন, যারৃ প্রধান আসামি আলমগীর শাহী। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি।এদিকে বিজয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সারিয়াকান্দিতে সাংসদ আবদুল মান্নানবিরোধী উপজেলা আওয়ামী লীগের একাংশ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ, হরতালসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আন্দোলনকারী অভিযোগ করেন, একটি প্রভাবশালী পক্ষ আসামিদের গ্রেপ্তার করতে নিষেধ করেছে। পুলিশ এসেও আন্দোলনকারীদের নানাভাবে হুমকি দিচ্ছে। যুবলীগের সাবেক নেতা বজলার রহমান অভিযোগ করেন, আসামিরা উপজেলা সদরে না এলেও উপজেলার বিভিন্ন স্থানে এবং জেলা সদরে ঘোরাফেরা করছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।বিজয় রহমানের বাবা নুরুল ইসলাম বলেন, প্রধান আসামি ও তার সহযোগীরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। পুলিশ বলেছে, সবাই গা ঢাকা দিয়ে রয়েছে। তবে তিনি এলাকার মানুষের কাছে শুনেছেন, আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে।আলমগীর শাহীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নিয়েছেন তিনি। উচ্চ আদালত নিম্ন আদালতে হাজির হতে বলেছেন।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম বলেন, আলমগীরসহ অন্যরা পলাতক রয়েছেন। তাঁরা এখানে-সেখানে ঘোরাফেরা করছেন বলে পুলিশের কাছে খবর এসেছে। তবে আলমগীরকে গ্রেপ্তার করা যায়নি। ওসি বলেন, ‘শুনেছি, উচ্চ আদালত থেকে তিনি জামিন নিয়েছেন, কিন্তু থানায় কোনো কাগজ জমা দেননি।’