আসামি বহনকারী গাড়ি উল্টে পুলিশসহ আহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেচযন্ত্রচালিত যানে (ভটভটি) আসামি পরিবহনের সময় তা উল্টে গিয়ে পুলিশের সদস্যসহ নয়জন আহত হয়েছেন। আক্কেলপুর-জয়পুরহাট সড়কের শুকতাহার নামক স্থানে গত বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দেন। পরে থানা-পুলিশ আসামিদের জয়পুরহাট কারাগারে পৌঁছানোর জন্য একটি ভটভটি ভাড়া করেন। এ সময় তিন পুলিশ সদস্যও (কনস্টেবল) গাড়িতে ছিলেন। গাড়িটি শুকতাহার নামক স্থানে এসে উল্টে যায়। এতে ওই তিন পুলিশ সদস্য ও ছয় আসামি আহত হন। আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান জানান, থানার পিকআপ ভ্যানটির যান্ত্রিক সমস্যা থাকায় ভটভটি ভাড়া করা হয়েছিল। আসামিদের কারাগারে পৌঁছানোর আগেই এটি দুর্ঘটনার শিকার হয়।