আসামি বাবু পরপারে, দিনমজুর বাবু কারাগারে
তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না৷ ছিল না গ্রেপ্তারি পরোয়ানা৷ তবু একটি মামলায় গ্রেপ্তার হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম ওরফে বাবু এক মাস ধরে কারাগারে আটক রয়েছেন৷
পুলিশ ও শরিফুলের আইনজীবী জানান, পাঁচবিবি থানায় ২০১১ সালে ২৭ মার্চ একটি ফেনসিিডলের মামলা দায়ের করে পুলিশ। এর আগে ওই দিন ভোরে আটাপাড়া বিওপি রাস্তার ওপর একটি বাসে তল্লাশি চালিয়ে ১১ বোতল ফেনসিডিলসহ পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের বাবু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়৷ পরে থানার এসআই শওকত আলী সরকার তদন্ত করে মামলার একমাত্র আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বাবু মিয়া কারাগারে থাকা অবস্থায় ওই বছরের ৫ মে আদালত থেকে জামিন লাভ করেন৷ জামিনে মুক্তি পেয়ে বাবু মিয়া পালিয়ে যান৷ পরে ২০১৩ সালের ৬ জুন বাবু মিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত৷
বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত আলী মণ্ডল জানান, বাবু মিয়া গত ১৪ এপ্রিল মারা গেছেন৷ কিন্তু পাঁচবিবি থানার এসআই আবু জাফর গত ২৪ মে আটাপাড়া গ্রামের দিনমজুর শরিফুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান৷ এর পর থেকে তিনি জয়পুরহাট কারাগারেই রয়েছেন৷
শরিফুল ইসলামের আইনজীবী মামুনুর রশীদ বলেন, আসামি মারা গেছেন। অথচ আসামি না হয়েও কারাগারে রয়েছেন শরিফুল। বিশেষ ট্রাইব্যুনাল আদালত (৪)-এর বিচারক শরিফুল ইসলাম এএসপিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন৷
আবু জাফর বলেন, স্থানীয় গ্রাম পুলিশের ভুল তথ্যে শরিফুলকে গ্রেপ্তার করা হয়৷