আসামি বাসচালকের পক্ষে দুজনের সাফাই সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামি বাসচালকের পক্ষে দুজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর ওই দুজনের সাক্ষ্য গ্রহণ করেন। দুই সাক্ষী হলেন চুয়াডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষিকা নাসরিন আশরাফি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গ্রামের শাহ নেওয়াজ।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ কয়েকজন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক, মিশুকসহ পাঁচজন নিহত হন। তখন নাসরিন আশরাফি ও শাহ নেওয়াজ বাসটিতে ছিলেন।
ওই দিনই ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলামকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুর্ঘটনার পরের দিন জামিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছরের ১৭ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর ২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বাসচালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাধারণ জখম, গুরুতর জখম, অবহেলার কারণে মৃত্যু ঘটানো ও মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। ওই বছরের ১০ অক্টোবর আদালতে মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। ২০১৩ সালে ১৩ জানুয়ারি মামলাটি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের (বাদীপক্ষ) আইনজীবী আফছারুল ইসলাম বলেন, আসামি জামির হোসেন আদালতে তাঁর পক্ষে চারজনের সাফাই সাক্ষ্যের জন্য আবেদন করেন। গতকাল দুজনের সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় ৩৯ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে তদন্ত কর্মকর্তা আশরাফ-উল ইসলামসহ বাদীপক্ষের ২৪ জনের সাক্ষী গ্রহণ করেছেন আদালত।