আসামি মতিনের জামিন স্থগিত
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার আসামি আবদুল মতিনের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।
এর আগে ২৫ অক্টোবর হাইকোর্ট মতিনকে জামিন দিয়েছিলেন। জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
বিশ্বজিৎ দেবনাথ প্রথম আলোকে বলেন, মতিনকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। হাইকোর্টের আদেশের অনুলিপি পাওয়া সাপেক্ষে এই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে। জামিন স্থগিত হওয়ায় মতিন মুক্তি পাচ্ছেন না।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে ইতালির নাগরিক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এরপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়। ২৫ অক্টোবর সিজার তাবেলা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও তাঁর ভাই আবদুল মতিনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ২৪ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।
সাত আসামির মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই চারজন ও মতিন কারাগারে আছেন। কাইয়ুম ও ভাঙারি সোহেল পলাতক রয়েছেন। তবে সোহেলের পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ পরিচয়ে গত অক্টোবরে সোহেলকে মধ্য বাড্ডা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর সন্ধান মেলেনি।