আসামি মতিনের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় আসামি আবদুল মতিনের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।

আদালত সূত্র বলেছে, ২৫ অক্টোবর হাইকোর্ট মতিনকে জামিন দিয়েছিলেন। এই জামিন স্থগিত চেয়ে গতকাল রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে বিশ্বজিৎ দেবনাথ প্রথম আলোকে বলেন, মতিনকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের অনুলিপি পাওয়া সাপেক্ষে এই সময়ের মধ্যে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। জামিন স্থগিত হওয়ায় মতিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়। গত ২৭ জুন এই মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

এই মামলায় ২৫ অক্টোবর এম এ কাইয়ুম ও তাঁর ভাই আবদুল মতিনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ২৪ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।