আসামি মনিরকে ভেজাল ওষুধ তৈরির দায়ে দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড ছোড়া মামলার প্রধান আসামি মনিরউদ্দিনকে ভেজাল ওষুধ তৈরির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল রোববার এ রায় দেওয়া হয়।অ্যাসিড নিক্ষেপের মামলায় মনিরকে গত শনিবার নয় দিনের রিমান্ডে নিয়েছে মামলাটি তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে হাইকোর্ট বলেছেন, আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা উৎসাহব্যঞ্জক।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, অ্যাসিড নিক্ষেপ ছাড়াও মনিরের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহের অভিযোগ ছিল। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে তাঁর বাসাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় এবং ভেজাল ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতও ছিলেন। মনিরের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির তথ্য-প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল তাঁকে সাজা দেন।ডিবির অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমান বলেন, মনিরকে শনিবার নয় দিনের রিমান্ডে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ওই ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ ও ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, ১৫ জানুয়ারি তিনি ওই ছাত্রীকে জরুরি কথা আছে বলে চাঁনখারপুলের ওই কাজি অফিসে নিয়ে বিয়ে করতে চাপ দেন। ওই ছাত্রী রাজি না হওয়ায় তিনি তাঁর ওপর অ্যাসিড ঢেলে দেন এবং ছুরিকাঘাত করে পালিয়ে যান।মনিরকে গত বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলার দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এই মামলার অপর আসামি মাসুমকে গ্রেপ্তার করা যায়নি।ছাত্রীটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ইতিমধ্যে তাঁর দুই দফা অস্ত্রোপচার হয়েছে।‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা উৎসাহব্যঞ্জক’: এদিকে এই মামলার আসামিদের গ্রেপ্তারে অগ্রগতির বিষয়ে শুনানিকালে গতকাল হাইকোর্ট মন্তব্য করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গহিন অরণ্যে অভিযান চালিয়েছে। অপরাধীকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা উৎসাহব্যঞ্জক।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ২৩ জানুয়ারি আদালত ৪৮ ঘণ্টার মধ্যে এই মামলার আসামি মনির ও মাসুমকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে র‌্যাবের মহাপরিচালক ও গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। গতকাল রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরে আদালত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিষয়ে শুনানি মুলতবি করেন। রিট আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন।