আসামি মাজেদের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি জঙ্গি নেতা ও পাকিস্তানি নাগরিক আবদুল মাজেদ ভাটের তৎকালীন স্ত্রী নাহিদ লাইলার সাক্ষ্য বাতিল চেয়ে মাজেদের করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
পর্যবেক্ষণে বলা হয়, সাক্ষ্য আইনের ১২২ ধারা অনুসারে সাক্ষীর (নাহিদ) সাক্ষ্য বিবেচনা করতে হবে। বিধান অনুসারে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ (কথোপকথন ও বার্তা বিনিময়) পরে বিবাহ বিচ্ছেদ হলেও তা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে না। তবে আসামিদের বিষয়ে অন্যান্য তথ্য, যা অপরাধের সঙ্গে সম্পর্কিত, তা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।
আদালত সূত্র জানায়, ওই মামলায় ৭৩ নম্বর সাক্ষী নাহিদ লাইলা গত বছরের ১৫ সেপ্টেম্বর বিচারিক আদালতে সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে মাজেদের আবেদন খারিজ হয়। এর বিরুদ্ধে ওই মাসেই হাইকোর্টে আবেদন করেন মাজেদ। এ আবেদনের ওপর গত বৃহস্পতিবার শুনানি শেষ হয়।
আদালতে মাজেদ ভাটের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
অ্যাটর্নি জেনারেল পরে প্রথম আলোকে বলেন, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় আসামি মাজেদ তাঁর তৎকালীন স্ত্রী নাহিদের কাছে যেসব কথা বলেছেন, তা প্রকাশ করে সাক্ষ্য দেওয়া যাবে না এবং তা গ্রহণযোগ্য হবে না। তবে নাহিদের অন্যান্য সাক্ষ্য বিবেচনায় নেওয়া যাবে বলে পর্যবেক্ষণ দিয়ে আদালত আবেদনটি নিষ্পত্তি করেছেন। ফলে ওই সাক্ষ্য থাকবে ও মামলার কার্যক্রম চলবে।
আইনজীবী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী মাজেদের বিরুদ্ধে তাঁর তৎকালীন স্ত্রী নাহিদ সাক্ষ্য দিতে পারেন না বলে ওই সাক্ষ্য বাতিল চেয়ে আবেদনটি করা হয়। আদালত পর্যবেক্ষণ দিয়ে আবেদন নিষ্পত্তি করেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অভিযোগপত্র দেয় সিআইডি। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন আসামি পলাতক।