নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সকালে মোন্তাজকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। আদালতের বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের কাছে মামলার তদন্ত কর্মকর্তা তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, গতকালের শুনানিতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কাল (বুধবার) তাঁকে আবার আদালতে নেওয়া হবে। নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।