আসামি মোস্তফাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলার পলাতক ও অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি গোলাম মোস্তফাকে (২৪) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাঁকে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে এক শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

মানিকগঞ্জের সাটুরিয়া থানা ও আদালত সূত্র জানায়, সাটুরিয়া উপজেলার গ্রামের বাড়ি থেকে গত রোববার রাতে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁকে ওই আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হলে বিচারক আজাদুর রহমান শেখ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় সূত্র জানায়, মোস্তফা সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের খালাতো ভাই। হত্যাকাণ্ডের পর থেকে মোস্তফা পলাতক থাকলেও এক মাসের বেশি সময় ধরে তিনি আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাটুরিয়াতেই অবস্থান করছিলেন। ছাত্রলীগের স্থানীয় উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামানের সঙ্গেও মাঝেমধ্যে তাঁকে ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু মোস্তফাকে গ্রেপ্তারে পুলিশ এত দিন ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে বারবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতা হওয়ায় আসামি গ্রেপ্তার করা হয়নি কিংবা বিলম্ব হয়—এ ধরনের অভিযোগ সত্য নয়। সাটুরিয়ায় মোস্তফার অবস্থানের কথা রোববারই গোপন সূত্রে জানতে পারি।’