রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর তৈরি দোতলা টিনের বাড়ি পানিতে দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় ওই বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যা ব। র্যা ব জানায়, গতকাল সোমবার ভোরে র্যা ব-৩-এর একটি দল কুমিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
মনিরুজ্জামান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।
গত ১৫ এপ্রিল বিকেলে মালিবাগ চৌধুরীপাড়ার বেগের বাড়ির ঝিলপাড়ে দোতলা টিনের একটি বাড়ি পানিতে দেবে যায়। এতে ১২ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ বাড়ির মালিক মনিরুজ্জামানকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহারে মনিরুজ্জামানের বিরুদ্ধে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মনিরুজ্জামানকে গ্রেপ্তারের পর দুপুরে রাজধানীর টিকাটুলীর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে র্যা ব-৩। ব্রিফিংয়ে র্যা ব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার দিকে কুমিল্লার নিশ্চিন্তপুরের টিপরা বাজার এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজধানীর চারটি থানায় তিনটি হত্যা মামলা ও দুটি অস্ত্র মামলা আছে। এ ছাড়া একাধিক চাঁদাবাজি ও মারামারির মামলাও রয়েছে।
গোলাম সারোয়ার বলেন, মনিরুজ্জামান ইতিমধ্যে বিভিন্ন মামলায় একাধিকবার জেল খেটেছেন। তিনি নিজেকে ডিশ ব্যবসায়ী দাবি করলেও ২২ বছর ধরে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় চাঁদাবাজি করে আসছিলেন।
র্যা ব-৩-এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গুলশান, সবুজবাগ ও রমনা থানায় মনিরুজ্জামানের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়েছিল। খিলগাঁও থানায় দুটি অস্ত্র মামলা আছে। একটি হত্যা মামলায় চার বছর ও একটি অস্ত্র মামলায় তিন বছর কারাগারে ছিলেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, ওই মামলাগুলোর কাগজপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে। মনিরুজ্জামানকে রামপুরা থানায় হস্তান্তর করা হবে।
র্যা ব সূত্র জানায়, মনিরুজ্জামান ইতিমধ্যে সবুজবাগ থানায় হওয়া হত্যা মামলা ও খিলগাঁও থানায় হওয়া অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান ঝিলের যে জায়গায় বাড়িটি নির্মাণ করেছিলেন, ওই জায়গার মালিক তিনিই বলে দাবি করেছেন। আবার জমিটি সরকারি বলেও শোনা গেছে।