ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাহফুজ আলীর সরকারি বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের খুনের ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি তিনি। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরাইল থানার পুলিশ তাঁর বাসার মালামাল জব্দ করে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইকবাল আজাদ হত্যার ঘটনার এক মাস ১০ দিন পেরিয়ে গেলেও মাহফুজ আলীসহ মামলার মূল আসামিরা এখনো গ্রেপ্তার হননি। পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে তাঁদের বাড়ির মালামাল ক্রোকের অনুমতি চাইলে আদালত অনুমতি দেন।সরাইল থানার পুলিশ গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মাহফুজ আলীর সরকারি বাসা থেকে মালামাল জব্দ করে। মাহফুজ আলীর স্ত্রী রুবি বেগম সরকারি চাকরিজীবী। সেই সুবাদে দুই বছর ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে উপজেলা পরিষদের কাচারিপাড়ার সরকারি বাসায় থাকেন। দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ও দায়ের কোপে গত ২১ অক্টোবর সন্ধ্যায় এ কে এম ইকবাল আজাদ খুন হওয়ার পর থেকে মাহফুজ আলী পলাতক রয়েছেন। এ ঘটনার পর পর ওই বাসা ত্যাগ করেন তাঁর পরিবারের অন্য সদস্যরাও।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, ওই বাসার মালামাল জব্দ করার সময় বাসার দরজা-জানালা ভাঙা পাওয়া যায়। বিভিন্ন কক্ষের অধিকাংশ আসবাব ছিল ভাঙাচোরা ও এলোমেলো। এর আগে পুলিশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরসহ চার আসামির বাসার মালামাল জব্দ করে। ২১ অক্টোবর ইকবাল আজাদ খুন হওয়ার পরদিন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের (বিলুপ্ত কমিটি) সভাপতি মো. আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদসহ ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮-১০ জন অজ্ঞাতনামা নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একজন এজাহারভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা রয়েছেন পলাতক।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. জাকির হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।