আসামি রিয়াদকে গ্রেপ্তারের দাবি এসিডে আক্রান্ত দুই শিক্ষকের
কুমিল্লা শহরের আওয়ার লেড অব ফাতিমা গার্লস হাইস্কুলের এসিডে আক্রান্ত দুই সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিন মামলার প্রধান আসামি রিয়াদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার দাবি জানান।গতকাল সোমবার সকালে এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সদস্যরা ওই দুই শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে দেখা করতে গেলে তাঁরা ওই দাবি জানান। চলতি বছরের ২১ এপ্রিল ওই শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপের পর গত শনিবার তাঁরা চিকিৎসা শেষে বিদ্যালয়ে আসেন। এদিকে ওই দুই শিক্ষকের ওপর এসিড নিক্ষেপের ঘটনার প্রতিবেদন চেয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত ৩০ মে অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) সাধন কুমার বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠি কুমিল্লা জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়। শিক্ষা অফিসারকে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়।গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে কথা হয় শিক্ষক আল আমিনের সঙ্গে। তিনি বলেন, ‘এসিড আমার ডান হাতের কনুইয়ের ওপরে, বাঁ হাতের কবজি, মুখে, কপালে এবং ঠোঁটের নিচে ও চোখের চারপাশে পড়েছিল। ঘটনার দিন এক মোটরসাইকেলে দুই আরোহী আমাদের রিকশাকে উল্টো দিক থেকে গতিরোধ করে। এরপর পেছনের আসনে বসা রিয়াদ সিরিঞ্জ ব্যবহার করে এসিড ছোড়ে। রিয়াদ চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীদের পিকনিকে প্রাইভেট কার নিয়ে গিয়েছিল। ওই দিন কুমিল্লা থেকে পুরো পথে রিয়াদ পিকনিকগামী বাসটিকে অনুসরণ করে সীতাকুণ্ডে যায়। ছাত্রীদের বলেছি, তোমাদের কারও পরিচিত হলে ওদের চলে যেতে বলো। এরপর প্রাইভেট কারটি ওই এলাকা ত্যাগ করে। পরে জানতে পারি, বিদ্যালয়ের এক ছাত্রীকে পছন্দ করে ছেলেটি। কোনো কারণ ছাড়াই আমাদের ওপর এসিড ছোড়া হলো। আমরা ওই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি জানাই।’ অপর এসিডদগ্ধ শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘আমার বাঁ চোখে ঝাপসা দেখছি। বাঁ চোখের ভেতরে এসিড ঢুকেছে। এরপর তা গড়িয়ে গলার নিচে ও পেটে গিয়ে পড়েছে। দ্রুত পানি না দিলে হয়তো চিরতরেই চোখটি নষ্ট হয়ে যেত। যারা ওই ঘৃণ্য কাজ করেছে, আমরা তাদের বিচারের দাবি করছি। প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’ এদিকে গতকাল এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, সাধারণ সম্পাদক রোকেয়া বেগম শেফালী ও সহসভাপতি মাহমুদা আক্তার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। প্রধান আসামি কুমিল্লা-ছাড়া হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘এসিড নিক্ষেপের ঘটনায় শিক্ষক আল আমিনের ভাই ওমর ফারুক বাদী হয়ে মামলা করেছিলেন। ওই মামলায় গত ১ মে রাতে মো. হোসেন ফাহাদ (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।’