চট্টগ্রামে পুলিশি হেফাজতে থাকা গাড়িতে আগুন
আসামি শনাক্ত হয়নি, চূড়ান্ত প্রতিবেদন দিল পুলিশ
চট্টগ্রামে পুলিিশ হেফাজতে থাকা গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় আসামিদের শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে আসামিদের শনাক্ত করা গেলে অভিযোগপত্র দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদনে এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বন্দর থানা ভবনের সামনে ‘মামলার আলামত’ হিসেবে রাখা ছিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বাস। ২০১৩ সালের ১১ নভেম্বর রাতে বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই দিন বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল ছিল। বাসটি ওই বছরের ৫ নভেম্বর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। থানার ভেতর স্থান সংকুলান না হওয়ায় দুর্ঘটনার ‘আলামত’ হিসেবে বাসটিকে থানা ভবনের বাইরে পুলিশ হেফাজতে রাখা হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামি যারাই হোক, তাদের শনাক্ত করা পুলিশের দায়িত্ব। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করা হবে। তিনি বলেন, পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গত ১৪ জানুয়ারি শুনানির দিন ধার্য ছিল। তদন্ত প্রতিবেদনের বিষয়ে নারাজি আবেদন জানাতে ওই দিন সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। বাস পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে ছালাউদ্দিন, তোফায়েল ইসলাম, মো. আজিম, মো. রুবেল, আমির হোসেন ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে তাঁরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।
আসামিদের আইনজীবী মো. কামরুজ্জামান বলেন, পুলিশ হয়রানি করতে আসামিদের গ্রেপ্তার করেছিল। ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
দেড় বছর তদন্তের পর গত বছরের ৮ জুন গ্রেপ্তার ছয় আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বন্দর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাঁদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। অদূর ভবিষ্যতে প্রকৃত আসামিদের পাওয়া গেলে অভিযোগপত্র দেওয়া হবে।
তদন্তকারী কর্মকর্তা হামিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা শনাক্ত করা যায়নি। তাই মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, প্রকৃত আসামিকে না পাওয়ায় হয়তো চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কেন আসামিদের শনাক্ত করা যায়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।