দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন ও তাঁর মুরিদ রূপালী বেগম হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো. শফিকুল ইসলাম ওরফে বাবুকে (২৮) জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. লুৎফর রহমানের আদালতে শফিকুলকে গত মঙ্গলবার বিকেলে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় বোচাগঞ্জ থানার পুলিশ। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, র্যা ব সদস্যরা গত সোমবার শফিকুলকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার জয়মনিরহাট বাজার থেকে গ্রেপ্তার করে ওই দিন রাতেই বোচাগঞ্জ থানায় হস্তান্তর করেন।
১৩ মার্চ বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামে নিজ খানকায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর পালিত কন্যা মুরিদ রূপালী বেগমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ফরহাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করা হয়।
পরে দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম ১৭ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, হত্যায় সাতজনের জড়িত থাকার কথা জানা গেছে। খুনের মূল কারণ হিসেবে দুই পীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে হত্যার ‘পরিকল্পনাকারী’ অপর পীর কুড়িগ্রামের পাথরডুবি গ্রামের ইসহাক আলী ও বোচাগঞ্জে ফরহাদ হোসেনের খানকার প্রধান খাদেম সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন ১৭ মার্চ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।