আসামি শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বাসায় ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে খুনের মামলার আসামি মোহাম্মদ শহীদকে (২৬) জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আকতার কাকন শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, মামলার আসামি শহীদকে জিজ্ঞাসাবাদ করতে খুলশী থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিন দুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তার মা রিজিয়া খাতুন (৫০) খুন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে সায়মার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় আবু রায়হানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
সায়মা নগরের আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ঢাকা থেকে রাহানকে এবং নগরের খুলশী থেকে শহীদকে গ্রেপ্তার করে। প্রধান আসামি রায়হান গত বৃহস্পতিবার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।