আসামি শিবলুর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার আবদুল্লাহ হিল মাহমুদ ওরফে শিবলু কাউন্সিলরের জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই মামলায় আদালতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে তাঁর নাম আছে। তবে আবদুল্লাহ হিল মাহমুদের জামিনের আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে।
১ অক্টোবর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টের দেওয়া জামিনের কাগজপত্র ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মফিজুর রহমান ভুঞার আদালতে পৌঁছায়। তিনি সেসব কাগজপত্র দেখে তাতে স্বাক্ষর করেন এবং জামিন প্রদানের জন্য তা ফেনী কারাগারে পাঠান।
ফেনী কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিম জানান, আবদুল্লাহ হিল মাহমুদের জামিনের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন দেওয়া যাবে না।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আবুল কালাম বলেন, তিনি হাইকোর্টের জামিনের আদেশের কথা শুনেছেন। তবে কোনো কাগজপত্র পাননি।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপির নেতা ও বিগত উপজেলা নির্বাচনে একরামের মূল প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ১০০ দিনের মাথায় পুলিশ তদন্ত শেষে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু আদালত এখনো ওই অভিযোগপত্র গ্রহণ করেনি।