আসামি সাইফুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলার এক আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী শুনানি শেষে সাইফুল ইসলাম ওরফে বিলাই সাইফুল নামের ওই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন রাব্বানী। তিনি বঙ্গবন্ধুর এডিসি ছিলেন।

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ২০০৪ সালের ১১ এপ্রিল দুর্বৃত্তদের গুলিতে আহত হন কেইপিজেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী। এর ১৩ দিন পর তিনি মারা যান। এই ঘটনায় করা মামলায় ২০০৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন।

রায়ে সাইফুল ইসলাম ওরফে বিলাই সাইফুল ও মনসুর আলম নামের দুজনকে খালাস দেন আদালত। মামলার অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত অন্য আসামিদের সাজা বহাল রাখলেও খালাস পাওয়া সাইফুল ইসলামের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন বিচারিক আদালতকে। এ জন্য মামলাটির বিচারিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

আইয়ুব খান বলেন, আসামি সাইফুল ইসলাম গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।