পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি সাইদুল শিকদার ওরফে সাকুর আবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান আজ মঙ্গলবার বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন। সাকু এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী নিখোঁজ কামরুল শিকদার ওরফে মুছার বড় ভাই। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মুছা সংগ্রহ করেন।
এর আগে গত শনিবার সাকুকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, তিন দিনের রিমান্ড শেষে আজ মাহমুদা হত্যা মামলার আসামি সাকুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর আইনজীবী নির্দোষ দাবি করে রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যায় সরাসরি অংশ নেওয়া মুছাকে মোটরসাইকেল সরবরাহ করেছিলেন তাঁর ভাই সাকু। ওই গাড়ি নিয়ে মুছা হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান। ঘটনার দুই দিন পর নগরের পাঁচলাইশ বাদুড়তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। প্রথম দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও বেশ কিছু তথ্যের প্রয়োজন। তাই দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়েছে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম খুন হন। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন। আর মুছাকে গত ২২ জুন বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে খোঁজা হচ্ছে। পলাতক রয়েছেন আসামি কালু।
তদন্ত কর্মকর্তা জানান, সাকুর দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হওয়ার পর আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ১৭ জুলাই তাঁদের প্রথম দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।