আসামি সাগর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর কারা ফটকে আটক সিরিজ বোমা হামলা মামলার আসামি সাগর খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গতকাল শুক্রবার মহানগর হাকিম শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার আসামি সাগর। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, জামিনে মুক্তি পাওয়া জেএমবি সদস্য সাগর খান ফের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে সাগরের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। খাগড়াছড়ির সিরিজ বোমা হামলা মামলার আসামি সাগর খান খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৯ সেপ্টেম্বর জামিনের আদেশ পান। বিস্ফোরক আইনে দায়ের হওয়া ওই মামলার জামিননামা কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই করে তাঁকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়। পরে কারা ফটক থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায়।