আসামি সেজে আত্মসমর্পণ, ধরা পড়ে কারাগারে
দুর্নীতির এক মামলায় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কানুনগো মোহাম্মদ আলী সেজে (প্রক্সি) আত্মসমর্পণ করে কারাগারে গেছেন আলী আহম্মেদ নামের এক ব্যক্তি। বিষয়টি ধরা পড়ায় মোহাম্মদ আলী নিজেও আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁকেও কারাগারে পাঠান।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল রোববার দুপুরে এ আদেশ দেন। এ মামলায় আত্মসমর্পণ করা আরও দুই আসামি সিটি করপোরেশনের এস্টেট সার্ভেয়ার বাচ্চু মিয়া ও এস্টেট কর্মকর্তা মোহসীন উদ্দিন মণ্ডলেরও জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, গতকাল ওই মামলার তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানির সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন আসামিদের কাছে তাঁদের পরিচয় জানতে চান। বিচারক একপর্যায়ে জানতে চান, আসামি মোহাম্মদ আলী কে? জবাবে কাঠগড়ায় থাকা তিনজনের একজন নিজেকে মোহাম্মদ আলী বলে পরিচয় দেন। কিন্তু আদালতের জেরার মুখে ওই ব্যক্তি স্বীকার করেন, তিনি মোহাম্মদ আলী নন, আলী আহম্মেদ। এরপর আদালত বাচ্চু মিয়া ও মোহসীনের জামিনের আবেদন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আর আসামি সেজে জামিন চাওয়ায় আলী আহম্মেদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। আদেশ শুনে আলী আহম্মেদ কাঠগড়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতকক্ষের একটি বেঞ্চে ঘণ্টা খানেক শুইয়ে রাখা হয়। সুস্থ হওয়ার পর বিকেলে তাঁকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আলী আহম্মেদের আসামি সাজার বিষয়টি ধরা পড়ার পর আসামি মোহাম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি জুনিয়র আইনজীবীর মামলা, তিনি আসামিদের চেনেন না। আসামির হয়ে অন্য কারও প্রক্সি দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
পুলিশের অপরাধ তদন্ত ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রক্সির ঘটনায় মূল আসামি মোহাম্মদ আলী ও আলী আহম্মেদকে আসামি করে জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।
আদালত সূত্র জানায়, এই মামলায় ওই তিন আসামি গত ২৭ আগস্ট হইকোর্ট থেকে জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আলী আহম্মেদও সিটি করপোরেশনের কানুনগো ছিলেন। তাঁর বর্তমান কর্মস্থল জানা যায়নি।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ডিসিসির জায়গা বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ২৪ আগস্ট দুদক শাহবাগ থানায় ওই তিনজনসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করে। মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন ডিসিসির সাবেক মেয়র বিএনপির নেতা সাদেক হোসেন খোকা, সার্ভেয়ার মোতালেব হোসেন ও ফারুক হোসেন, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন শাবু এবং সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান।