আসামি স্বীকার করলেও দায়মুক্তি চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকাণ্ডের মামলায় আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তি দিয়েছেন আসামি। হত্যায় নিজের ভূমিকা কতটুকু ছিল, তা বলার পাশাপাশি প্রকাশ করেছেন জড়িত অন্যদের নাম। এরপরও পুলিশ আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে সব আসামির দায়মুক্তির প্রার্থনা করেছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। আদালত গতকাল বুধবার এক আদেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন। ‘অন্যায়ভাবে লাভবান’ হয়ে ওই কর্মকর্তা এমন প্রতিবেদন দিয়েছেন বলে উল্লেখ করেছেন বিচারক।
তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ভাবে লাভবান হওয়ার বিষয়টি ঠিক নয়। মূলত ১৬৪ ধারায় আসামি যাঁদের নাম প্রকাশ করেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার মতো সাক্ষী পাওয়া যায়নি। এ কারণে তিনি এই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।’ একই কথা বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ মে মহেশপুর উপজেলার উজ্জলপুর গ্রামের বাসিন্দা আমিন হক খুন হন। ৬ মে ঘুগরী মুক্তার বিলে তাঁর লাশ পাওয়া যায়। ওই দিনই নিহত ব্যক্তির প্রথম স্ত্রী মাজেদা খাতুন দ্বিতীয় স্ত্রী অহরজান বেগমসহ (৪৫) অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মহেশপুর থানায় মামলা করেন। ঘটনার তিন বছর পর গত ২৮ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ পর্যন্ত পুলিশের পাঁচজন কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন। চূড়ান্ত প্রতিবেদনটি দিয়েছেন মহেশপুর থানার এসআই ফরিদ আহম্মেদ।
এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা বিপ্লব রায় উজ্জলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সাইদুল ইমলামসহ সন্দেহভাজন তিনজনকে আটক করেন। সাইদুর রহমান ২০১৪ সালের ১২ মে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, নিহত ব্যক্তির প্রথম স্ত্রী মাজেদা খাতুন, উজ্জলপুর গ্রামের মন্টু মেম্বর, হারুন সিকদার, আকবর আলী, সিবানন্দপুর গ্রামের আবদুর রহিম এ হত্যাকাণ্ডে জড়িত। এই আসামিরাই তাঁকে (সাইদুর) ডেকে নিয়ে যান। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকলেও হত্যায় অংশ নেননি।
কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে ফরিদ আহম্মেদ আসামি সাইদুরের আদালতে দেওয়া জবানবন্দির কোনো তথ্য উল্লেখ করেননি। তিনি উল্লেখ করেছেন, মৃত আমিন হক প্রবাসে থাকায় ‘চারিত্রিক অবনতি’ ঘটে। পাঁচ-ছয় বছর আগে বাড়িতে এসে দ্বিতীয় বিয়ে করেন। এরপর দুই স্ত্রীকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে না পেরে মনের যন্ত্রণায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। আমিন আগান-বাগানে দিন-রাত ঘুরে বেড়িয়ে জীবন যাপন করতেন। এই অবস্থায় তিনি খুন হন। প্রতিবেদনে আরও বলা হয়, খুনের ঘটনায় প্রথম স্ত্রী মাজেদা খাতুন ও দ্বিতীয় স্ত্রী আহারজান পরস্পরকে দায়ী করেন। কিন্তু মামলা তদন্তকালে উভয় পক্ষের মধ্যে মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক অশান্তি সৃষ্টির আশঙ্কা হয়। এ কারণে আমিন হকের প্রকৃত হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়নি।
এ মামলার বিচার চলছে ঝিনাইদহ বিচারিক হাকিম তৃতীয় আদালতে। এ আদালতের বিচারক কাজী আশরাফুজ্জামান গতকাল দেওয়া আদেশে উল্লেখ করেন, ‘তদন্তকারী কর্মকর্তা ফরিদ আহম্মেদ অন্যায়ভাবে লাভবান হয়ে অসত্য প্রতিবেদন দাখিল করেছেন। আদালত মনে করেন, তদন্তকারী কর্মকর্তা অদক্ষ ব্যক্তি এবং তাঁর কর্মকাণ্ড তদন্তকারী সংস্থা হিসেবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার এই কর্মকাণ্ড আইনের শাসনের পরিপন্থী এবং ক্ষমার অযোগ্য।’ তাই ফরিদ আহম্মেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতকে অবহিত করার নির্দেশ দেন বিচারক।