আসামি হাজির না করায় পেছাচ্ছে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব আসামির উপস্থিতিতে কোনো মামলার অভিযোগ গঠন করতে হয় আদালতকে। কিন্তু সব আসামিকে একসঙ্গে হাজির না করায় এ নিয়ে নবমবারের মতো পেছাল আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন।

মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ মামলাসহ অন্য মামলায় এখন কারাগারে। আরেক আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীও কারাগারে। এ দুজনকেই এ মামলায় হাজির করা হয়নি কয়েকবার। অন্য মামলায় হাজিরার তারিখ থাকায় এ মামলায় বাবরকে তিনবার হাজির করা হয়নি। অন্যদিকে অসুস্থতার কারণে আরিফুলকে ছয়বার আদালতে হাজির করা হয়নি।

সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচারকাজ চলছে। আগামী ১৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জন নতুন করে অভিযুক্ত হন। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আদালতে আত্মসমর্পণ করলে দুজনকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার পর অসুস্থতার কারণে আরিফুলকে ঢাকায় পাঠানো হয়। ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে।

আদালত সূত্র জানায়, নতুন তারিখ ধার্য করার সঙ্গে আদালত আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড বসিয়ে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন। পরবর্তী তারিখে ওই প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও সরকার পক্ষের আইনজীবী কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, সকল আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য আদালত নতুন তারিখ ধার্য করে এ আদেশ দিয়েছেন।

এ নিয়ে অভিযোগ গঠনের তারিখ নবমবারের মতো পেছাল। এর আগে গত ২৫ আগস্ট, ১৮ আগস্ট, ১০ আগস্ট, ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। আজ রোববার সকালে আরিফুল হক চৌধুরী ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের (সাময়িক বরখাস্ত) পৌর মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ সব আসামিদের আদালতে হাজির করা হয়।