আসামি হাবিবুল মুক্তি পাওয়ায় শঙ্কিত হাকিমের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুল হক জামিনে মুক্তি পাওয়ায় নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

বগুড়া প্রেসক্লাবে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে নুরুন্নাহার নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বলেন, ‘হত্যা মামলার প্রধান আসামি ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ভাই মামলার আরেক আসামি হাবিবুল হক রোববার আদালত থেকে জামিনে মুক্ত হয়ে কারা ফটকে সমর্থকদের উদ্দেশে দম্ভোক্তি করে বলেছেন, “চিন্তা করিস না। জামিনে ছাড়া পাইছি। ভয় নাই, সবাই জামিন পাবে।”’

নুরুন্নাহার খাতুন বলেন, ‘জামিন পাওয়াটা আসামির আইনগত অধিকার। কিন্তু যে আসামি জামিনে বেরিয়ে জেলগেটেই দম্ভোক্তি করে অন্য আসামিদের জামিনের কথা নিশ্চিত করে বলতে পারেন, তাঁর জামিন বহাল থাকে কী করে?’

হাকিম হত্যার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর পরিবারের দুর্দশা লাঘবে বগুড়ার সরকারি ওষুধ প্রস্তুত কারখানা এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) কর্মচারী পদে চাকরির ব্যবস্থা করে দেন নুরুন্নাহার খাতুনের। এখন দুই সন্তানসহ বগুড়ায় ভাড়া বাসায় থাকছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘হাবিবুল জামিনে ছাড়া পাওয়ায় সন্তানদের নিয়ে আমি আতঙ্কিত। কারণ শাহজাদপুরের মিরু পরিবার অত্যন্ত প্রভাবশালী। তাঁদের হাত অত্যন্ত লম্বা। এ কারণে হাবিবুল ছাড়া পাওয়ায় আমার এবং সন্তানের প্রাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।’ তিনি আসামি হাবিবুলের জামিন বাতিল এবং মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন পেশাগত দায়িত্ব পালন করার সময় গুলিতে আহত হন সাংবাদিক আবদুল হাকিম। ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। গত মাসে পৌর মেয়র হালিমুল হককে প্রধান আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁর ছোট ভাই হাবিবুল হক, আওয়ামী লীগের সাবেক নেতা কে এম নাসির উদ্দীনসহ মোট ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।